• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১২:৩৩ এএম


ভোট গণনা শুরু, বাড়ছে উত্তেজনা—পাল্টে যাবে কি ইতিহাস?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ১১:৩২ এএম

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে। আজকের ফলাফলই নির্ধারণ করবে আগামী পাঁচ বছর রাজ্যের ক্ষমতা কার হাতে থাকবে।

সোমবার (৪ মে) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ শেষে আজ কলকাতাসহ ২৩ জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে।

নির্বাচনের সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়শুভেন্দু অধিকারী-এর মধ্যে। এই প্রতিদ্বন্দ্বিতার ফলাফলের ওপরই অনেকাংশে নির্ভর করছে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন।

কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্থাপন করা হয়েছে সবচেয়ে বড় গণনাকেন্দ্র। সেখানে মহানগরের ১১টি আসনের মধ্যে ৭টির ফল গণনা করা হচ্ছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শেষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা শুরু হবে।

ভারত নির্বাচন কমিশন জানিয়েছে, তিন স্তরের নিরাপত্তায় পরিচালিত হচ্ছে সব গণনাকেন্দ্র। অনুমোদিত প্রতিনিধিদের কিউআর কোডযুক্ত পরিচয়পত্র দেওয়া হয়েছে এবং মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিসহ বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ প্রার্থীদের ফলাফল নিয়েও ব্যাপক আগ্রহ রয়েছে। দুপুরের মধ্যে ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে পারে, তবে কিছু কেন্দ্রে গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

এই নির্বাচনের ফল শুধু রাজ্যের রাজনীতিই নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।