সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছেন বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোববার (৮ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনকালে এ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তাব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে।
সীমান্তের সর্বশেষ ভাসমান আউটপোস্ট নিজে পরিদর্শনের কথা জানিয়ে শুভেন্দু বলেন, দূরবীন দিয়ে তিনি ওই এলাকা পর্যবেক্ষণ করেছেন। তবে বাংলাদেশের দিকে কিছুই দেখতে পাননি। তাঁর দাবি, বাংলাদেশিরা ওৎ পেতে রয়েছেন এবং বিএসএফ সদস্যরা সামান্য সময়ের জন্য দৃষ্টির আড়ালে গেলেই সীমান্ত পার হওয়ার সুযোগ নেওয়ার অপেক্ষায় আছেন।
বিএসএফ ও পুলিশের যৌথ কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিএসএফ এবং পুলিশ একসঙ্গে মিলে ইতিমধ্যেই কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের চিন্তার কিছু নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেব না; সবাইকে খুঁজে বের করব। সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব—আমার কাছে সঠিক পরিসংখ্যান রয়েছে।’
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না বলেও মন্তব্য করেন শুভেন্দু। তিনি আবারও সীমান্তের নিরাপত্তাব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করার কথা জানান।
শুভেন্দুর বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
কুণাল ঘোষ আরও বলেন, ‘তাদের সমালোচনা করা বা নীতিগত বিষয়ে প্রশ্ন তোলা এক জিনিস, কিন্তু সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের নেওয়া উচিত।’
২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকা এবং ত্রিপুরায়ও বিজেপির সরকার থাকা সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন কুণাল। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও কীভাবে সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? তবে এটি কার ব্যর্থতা? কেবল পশ্চিমবঙ্গকে দোষ দেওয়া কি ন্যায্য? ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান তুলে ধরে কুণাল ঘোষ বলেন, মমতা সব সময় বিএসএফ সদস্যদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তাঁর ভাষায়, ‘সর্বোপরি, তারা আমাদেরই ছেলে।’
এর আগে হিঙ্গলগঞ্জ কলেজের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান তিনি। পরে ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটে করে এলাকা পরিদর্শন করেন।
এরপর হিঙ্গলগঞ্জ থানার কালীপূজা উদ্বোধন করেন শুভেন্দু। সেখানে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন তিনি।
সূত্র: এনডিটিভি
/এসএন