• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম


ইরানের সঙ্গে সংঘা’ত আর বাড়াতে চান না ট্রাম্প

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৪:১৮ পিএম

ইরানের সঙ্গে চলমান সংঘাতের পরিধি আর বাড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর এটিই ছিল ট্রাম্পের প্রথম সরাসরি মুখোমুখি সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে ইরানের সঙ্গে সংঘাত আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না এর কোনো কারণ আছে।’

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ভোটাররা ‘যুদ্ধ পছন্দ করেননি’ এবং ‘গ্যাসের দাম বেড়ে যাওয়াটা পছন্দ করেননি।’ এ ছাড়া যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি ‘অবিশ্বাস্যভাবে এক বিরাট অপছন্দ’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি নিজের পূর্ণ আস্থার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা দুটি যুদ্ধ জয় করেছি।’

ইরানের সঙ্গে সংঘাতের প্রসঙ্গে আবারও যুদ্ধের পরিধি না বাড়ানোর অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তিনি এই যুদ্ধ আর ‘বাড়িয়ে তুলতে চাইছেন না’। ইরানের পারমাণবিক উপাদান সম্পর্কে ট্রাম্পের দাবি, ‘তাদের কাছে কিছু নেই। পারমাণবিক উপাদানগুলো হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে।’

ইরানের তথাকথিত পিক্যাক্স পাহাড়ের পারমাণবিক স্থাপনা নিয়েও কথা বলেন ট্রাম্প। সেখানে বর্তমানে ‘খুব কম কার্যক্রম দেখা গেছে’ বলে মন্তব্য করেন তিনি। তবে প্রয়োজন হলে ওই স্থাপনা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র সক্ষম বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, ‘আমাদের যদি পিক্যাক্স ধ্বংস করার প্রয়োজন হয়, যা এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, আমরা তা এক ঘণ্টার মধ্যে সম্পন্ন করব।’

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ এই জলপথ ‘উন্মুক্ত’ রয়েছে এবং এর মধ্য দিয়ে ‘জাহাজ চলাচল করছে’।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনীর যে ব্যয় হচ্ছে, সেই খরচ কে বহন করবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিয়েছে, যুদ্ধের জন্য সেসব দেশই যুক্তরাষ্ট্রের সব খরচ পরিশোধ করবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যাদের রক্ষা করেছি সেই দেশগুলো যুদ্ধের জন্য আমাদের সমস্ত খরচ পরিশোধ করবে, কারণ আমাদের ছাড়া তাদের কোনো অস্তিত্ব থাকত না। আমাদের ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না।’

/এসএন