সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারীভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়ে তিনি বলেছেন, বিএসএফের নজর এড়িয়ে যাতে কেউ ভারতে প্রবেশ করতে না পারে, সে জন্য নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে।রোববার (৮ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। এ সময় তিনি বলেন, ‘নিরাপত্তাব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে। আমি ব্যক্তিগতভাবে সর্বশেষ ভাসমান আউটপোস্টটি পরীক্ষা করেছি—যেখান থেকে দূরবীন ব্যবহার করে এলাকাটি স্ক্যান করেছি—এবং বাংলাদেশের দিকে কিছুই দেখা যায়নি। তারা ওৎ পেতে বসে আছে, বিএসএফ ক্ষণিকের জন্য চোখের আড়াল হলেই সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছে।’সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ ও পুলিশের যৌথ কার্যক্রমের কথাও তুলে ধরেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, দুই বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ইতিমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে।শুভেন্দু অধিকারী বলেন, ‘বিএসএফ এবং পুলিশ একসঙ্গে মিলে ইতিমধ্যেই কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়েছে। আপনাদের চিন্তার কিছু নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও থাকতে দেব না; সবাইকে খুঁজে বের করব।’তিনি আরও জানান, সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা হবে বলেও দাবি করেন তিনি।এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব—আমার কাছে সঠিক পরিসংখ্যান রয়েছে।’পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা হবে না উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের নিরাপত্তাব্যবস্থা সম্পূর্ণ নিখুঁত করা হবে।এদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। ফলে সীমান্তের নিরাপত্তা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত।কুণাল ঘোষ বলেন, ‘তাদের সমালোচনা করা বা নীতিগত বিষয়ে প্রশ্ন তোলা এক জিনিস, কিন্তু সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্র সরকারের নেওয়া উচিত।’এ সময় কেন্দ্রের বিজেপি সরকারের দীর্ঘদিনের শাসন এবং ত্রিপুরায় বিজেপি সরকারের উপস্থিতির বিষয়টিও সামনে আনেন তৃণমূলের এই নেতা। ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকা সত্ত্বেও অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে প্রশ্ন তোলেন তিনি।কুণাল ঘোষ বলেন, ‘ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও কীভাবে সেখানে অবৈধ অনুপ্রবেশ এবং রোহিঙ্গাদের প্রবেশ ঘটছে? তবে এটি কার ব্যর্থতা? কেবল পশ্চিমবঙ্গকে দোষ দেওয়া কি ন্যায্য? ত্রিপুরাতেও অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে।’শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাবে কুণাল ঘোষের এই বক্তব্যে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্ক নতুন করে সামনে এসেছে।
/বিএসএস