দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত ও অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে এবার নতুন করে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দারা। ভারী বৃষ্টিপাত ও দমকা বাতাসের কারণে সৃষ্ট বন্যায় উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অন্তত ৭০ হাজার অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কয়েক ডজন দেয়াল ধসে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ঝড়-বৃষ্টিতে আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি সহায়তার আবেদন জানিয়ে তাদের কাছে দেড় সহস্রাধিক ফোনকল এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে বর্তমানে দুই হাজারের বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য জরুরি ভিত্তিতে অন্তত তিন লাখ নতুন তাঁবু প্রয়োজন।
উত্তর গাজার গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকায় কয়েক ঘণ্টার টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসেই বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয়টুকু ছিন্নভিন্ন হয়ে গেছে। বৃষ্টির পানি ও কাদায় ভিজে নষ্ট হয়েছে তাঁদের তোশক, বালিশ এবং পরনের কাপড়চোপড়। বর্তমানে প্রায় চার লাখ বাস্তুচ্যুত মানুষ এমন সব নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন, যেগুলো যেকোনো সময় আরও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে।
মধ্য গাজার দেইর আল-বালাহর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। সেখানকার প্লাবিত শিবিরগুলোতে শনিবার সকাল থেকে কোনো ধরনের খাদ্যসহায়তা পৌঁছায়নি। ইসরায়েলি বাহিনীর ত্রাণ অবরোধের কারণে আগে থেকেই অনাহার ও অর্ধাহারে দিন কাটাচ্ছিলেন লাখ লাখ মানুষ। নতুন করে বন্যা ও ঝড়ের আঘাতে তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে এবং তাঁরা চরম মানবিক সংকটের মুখে পড়েছেন।
গাজার সরকারি জনসংযোগ দপ্তরের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ ডলার।
ফিলিস্তিনে ইউনিসেফের বিশেষ প্রতিনিধি জোনাথন ভিচ জানিয়েছেন, গাজার অধিকাংশ মানুষ বর্তমানে অমানবিক ও অত্যন্ত শোচনীয় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে আরও অর্থায়ন এবং ত্রাণসহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
/এসএন