• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম


ক্লাস চলাকালে স্কুলের পাশে ব’জ্রপাত, আহ’ত ১৬ শিক্ষার্থী ও শিক্ষক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৮:১৭ পিএম

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ক্লাস চলাকালে বিদ্যালয়ের পাশের একটি গাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতের বিকট শব্দ ও ঝলকানিতে আতঙ্কিত হয়ে এক সহকারী শিক্ষিকাসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের বাইরে থাকা একটি গাছে বজ্রপাত আঘাত হানে। এ সময় বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ ১৬ জন শিক্ষার্থী আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন বলেন, ‘ক্লাস চলাকালীন হঠাৎ বজ্রপাতে পুরো বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়েন। তবে চতুর্থ শ্রেণির পাশের একটি গাছে বজ্রপাত হওয়ায় ওই শ্রেণির শিক্ষক শাহানা আফরোজসহ ১৬ জন শিক্ষার্থীর হাত-পা ও শরীরে বজ্রপাতের ঝলকানি লাগে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতার তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।’

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও আলোর ঝলকানিতে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। এ কারণে সবাইকে বাড়িতে পাঠিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আহতদের কারও অবস্থাই গুরুতর নয় বলেও জানান তিনি।

/এসএন