রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার খবর পাওয়ার পর সেখানে দুটি ইউনিট পাঠানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটি আগুনের কবলে পড়ে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এদিকে সোমবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুর, উত্তরা এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
/এসএন