• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম


পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ নভেম্বর ২০২৬ ৪:৫৩ পিএম

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।

সোমবার (৯ নভেম্বর) ঢাকার সেগুনবাগিচায় জাতীয় ন্যূনতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় বোর্ডের চেয়ারম্যানের কাছে এ প্রস্তাব জমা দেওয়া হয়।

মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় ও বাড়িভাড়া বৃদ্ধি এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাবের পক্ষে যুক্তি তুলে ধরেন শ্রমিক প্রতিনিধিরা।

গত চার বছর ধরে মূল্যস্ফীতির কারণে ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন। এমন পরিস্থিতির মধ্যেই মজুরি বোর্ডের কাছে ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হলো। বর্তমানে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের শেষ দিকে এই মজুরি নির্ধারণ করা হয়েছিল।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীর মজুরি কাঠামো নিয়ে আলোচনা করতেই বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে।

তিনি বলেন, মালিকপক্ষের প্রতিনিধিরা প্রস্তাব জমা দেওয়ার জন্য সাত কর্মদিবস সময় চেয়েছিলেন। শিল্পাঞ্চলে অস্থিরতার কারণে কারখানা পরিদর্শনে সমস্যা হচ্ছে বলে তাঁরা বোর্ডকে জানিয়েছেন। পরে আলোচনার ভিত্তিতে মালিকপক্ষকে চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে। আগামী সভায় তারা প্রস্তাব জমা না দিলে মালিকপক্ষের অংশগ্রহণ ছাড়াই বোর্ডের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

সুবহানী আরও জানান, বিভিন্ন শ্রমিক সংগঠন ও ফেডারেশন ইতিমধ্যে বোর্ডের কাছে স্মারকলিপি ও প্রস্তাব জমা দিয়েছে। আগামী সভার আগে বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শনের সিদ্ধান্তও নিয়েছে বোর্ড। তৈরি পোশাকশিল্পের সঙ্গে প্রায় ৪০ লাখ শ্রমিক এবং তাঁদের পরিবার নির্ভরশীল বলে উল্লেখ করেন তিনি।

শ্রমিকপক্ষের প্রস্তাবে চারটি গ্রেডে মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। এতে গ্রেড-১-এর জন্য ৪৮ হাজার টাকা, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার টাকা, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা দাবি করা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান জানান, গ্রেড-৪ হচ্ছে বর্তমানে প্রচলিত সর্বনিম্ন গ্রেড। এই গ্রেডকেই ন্যূনতম মজুরি নির্ধারণের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, শিক্ষানবিশ বা নতুন নিয়োগ পাওয়া শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবারের সভায় শ্রমিকপক্ষ শুধু মজুরির অঙ্ক জমা দিয়েছে। আগামী সপ্তাহে বিভিন্ন গ্রেড এবং কাজের ধরন অনুযায়ী মজুরি কাঠামোর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে।

মজুরি বোর্ডে শ্রমিকদের নতুন প্রতিনিধি বাবুল আক্তার বলেন, বাজারদর, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া, চিকিৎসা এবং সন্তানদের শিক্ষার খরচ বিবেচনা করেই ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর মতে, চার সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় মেটাতে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন হয়। তবে শিল্পের সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে শ্রমিকপক্ষ তাদের দাবি কমিয়ে এনেছে।

শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে বাবুল আক্তার বলেন, শ্রমিকেরা নিজেদের অবস্থা ভালো বোঝেন এবং তাঁরা ইতিমধ্যে কাজে ফিরেছেন। যারা এখনো কাজে যোগ দেননি, তাঁদের হয়তো মালিকপক্ষের প্রতি অন্য কোনো ক্ষোভ রয়েছে। এই আন্দোলনের পেছনে কারও ইন্ধন আছে কি না, তা খুঁজে বের করার দায়িত্ব সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন বলেন, ‘আজ আমাদের প্রস্তাব দেওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা ও আশপাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সেদিকেই বেশি মনোযোগ দিতে হয়েছে। তাই এদিকে ঠিকমতো সময় দিতে পারিনি।’

সময় চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘এ জন্যই আমরা এক সপ্তাহ সময় চেয়েছিলাম। তবে চেয়ারম্যান ও বোর্ডের সম্মতিতে আগামী চার কর্মদিবসের মধ্যে আমরা প্রস্তাব জমা দেব।’

/এসএন