মুরাদ শেখ
Saudi Arabia-এর দাম্মাম শহরের জুবাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার নাম মুরাদ শেখ (৩৬)।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে।
নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মো. কাউছার হোসেন জানান, দুর্ঘটনার পর মুরাদ শেখের মরদেহ বর্তমানে Jubail General Hospital-এর মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য পরিবার বাংলাদেশ ও সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।
মুরাদ শেখের পরিবারে রয়েছেন তার বৃদ্ধা মা, স্ত্রী, দুই কন্যা ও ১০ মাস বয়সী এক ছেলে সন্তান। তার অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন জানান, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ জন্য দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চাওয়া হয়েছে।