ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউস-এ এক বৈঠক শেষে এ ঘোষণা দেন ট্রাম্প।
বৈঠক সম্পর্কে ট্রাম্প বলেন, উভয় পক্ষই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। তিনি জানান, “কোনো গোলাগুলি নয়—যুদ্ধবিরতি চলবে, দেখা যাক পরিস্থিতি কোথায় যায়।”
পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি তিন সপ্তাহ বাড়ানো হয়েছে এবং হিজবুল্লাহর হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পরপরই লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা প্রায় ৪৫ দিন ধরে চলা ওই অভিযানে প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে।
পরবর্তীতে গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২৭ এপ্রিল। তবে তার আগেই নতুন করে তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলো।