• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম


ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে সন্দেহে ট্রাম্প, বললেন ‘বিশ্বাস হয় না’

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ২:৫৭ পিএম

চীন ও রাশিয়া ইরানকে সহযোগিতা করছে—এমন দাবি বিশ্বাস করেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, তেহরানকে সহায়তা করতে গেলে বেইজিং ও মস্কোকে বড় ধরনের ক্ষতির ঝুঁকিতে পড়তে হতে পারে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীন ও রাশিয়া ইরানকে সহায়তা করছে বলে ওঠা মন্তব্যের জবাবে ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, দেশ দুটি যদি ইরানকে সহায়তা করেও থাকে, তবে তা খুবই নিম্নপর্যায়ে সীমাবদ্ধ। তবে ব্যক্তিগতভাবে তিনি এমন সহায়তার বিষয়টি বিশ্বাস করেন না।

ট্রাম্প আরও বলেন, চীন বা রাশিয়া এ ধরনের কোনো পদক্ষেপ নিলে মার্কিন প্রশাসন খুব দ্রুতই তা জানতে পারত।

তাঁর সাম্প্রতিক বক্তব্য গত জুলাইয়ে দেওয়া একটি পোস্টের কথাও স্মরণ করিয়ে দিয়েছে। ওই পোস্টে ট্রাম্প উল্লেখ করেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সঙ্গে বৈঠকের সময় ইরানের কাছে কোনো ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম বিক্রি না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে গত মে মাসে ইরানের সামরিক ক্রয় নেটওয়ার্ককে সহায়তা করা এবং মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু বানানোর কাজে স্যাটেলাইট চিত্র সরবরাহের অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তবে ইরানের সামরিক বাহিনীকে সহায়তা করার এসব অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে জুন মাসে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় বর্তমানে সেই সমঝোতা প্রক্রিয়া থমকে রয়েছে।

/এসএন