• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম


ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা, আওয়ামী লীগের বিচারের দাবি নাহিদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ৩:১১ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার অবিলম্বে শুরু করার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাহিদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্র আবারও প্রকাশ করেছে।

তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই।’

নাহিদ ইসলাম আরও বলেন, দেশে ও বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করারও দাবি জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। এছাড়া গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে। জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।

এর আগে স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। ফ্লাইটটির স্থানীয় সময় দুপুর ৩টা ১০ মিনিটে অবতরণের কথা থাকলেও এটি ৪৫ মিনিট দেরিতে, অর্থাৎ বিকেল ৩টা ২৫ মিনিটে অবতরণ করে।

পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরের টার্মিনাল ৮-এ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্তার শিকার হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে থাকা ড. ইউনূসকে উদ্দেশ করে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে চিৎকার করছেন। এ সময় তাঁদের ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন) বলতে শোনা যায়।

/এসএন