যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বাড়িতে আয়োজিত পার্টির ব্যস্ততার মধ্যে বন্ধ গাড়িতে দীর্ঘ সময় আটকে থেকে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় অবহেলা ও শিশু নির্যাতনের অভিযোগে শিশুটির বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শিশুটিকে গাড়ি থেকে নামানোর দায়িত্ব কার ছিল, তা নিয়ে বাবা ও তার ১৪ বছর বয়সী ছেলের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে।ফক্স ১০-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার চার্চে পরিবারের অন্য এক সন্তানের ব্যাপটিজম অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরে সাবো পরিবার। এরপর প্রায় ৫০ জন বন্ধু ও আত্মীয়কে নিয়ে বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়। কিন্তু পার্টি শুরুর পর আড়াই ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা বুঝতে পারেননি যে ৫ বছর বয়সী থিও সাবো গাড়ির ভেতরেই রয়ে গেছে।সেদিন পিওরিয়া শহরে তাদের বাড়ির বাইরের তাপমাত্রা ১০৬ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছেছিল। প্রচণ্ড গরমের মধ্যে পরিবারের সদস্যরা বাইরে থাকা গাড়ি থেকে থিওকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।শিশুটিকে উদ্ধারের পরপরই সিপিআর দেওয়া হয় এবং দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনায় শিশুটির বাবা ৫০ বছর বয়সী মিহাইল সাবো এবং মা ৪৫ বছর বয়সী আনকা সাবোর বিরুদ্ধে অবহেলাজনিত হত্যা ও শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তাদের আরও চার সন্তান রয়েছে, যাদের বয়স ১৮, ১৫, ১৪ ও ৯ বছর।পুলিশের কাছে দেওয়া বক্তব্যে মিহাইল দাবি করেন, চার্চ থেকে বাড়ি ফেরার পর তিনি তার ১৪ বছর বয়সী ছেলেকে গাড়ি থেকে থিওকে নামিয়ে আনতে বলেছিলেন। তবে কিশোরটি পুলিশকে জানিয়েছে, তার বাবা তাকে এমন কোনো নির্দেশ দেননি।সোমবার মারিকোপা কাউন্টি সুপিরিয়র আদালতে পৃথক শুনানিতে আনকাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। অন্যদিকে মিহাইলকে মাথা নিচু করে চুপচাপ বসে থাকতে দেখা যায়।দম্পতির আইনজীবী লেয় ডড আদালতে ঘটনাটিকে ‘অকল্পনীয় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেন। তার বক্তব্য অনুযায়ী, বাড়িতে পার্টি সামলানোর কাজে ব্যস্ত থাকায় মা ধরে নিয়েছিলেন যে বাবা শিশুটিকে গাড়ি থেকে নামিয়ে আনবেন। অন্যদিকে বাবা দায়িত্বটি ১৪ বছর বয়সী ছেলের ওপর দিয়েছেন বলে আইনজীবী জানান।আইনজীবী আরও বলেন, শিশুটি ঘুমিয়ে ছিল এবং বাড়িতে অনেক মানুষের উপস্থিতিতে ব্যাপক ব্যস্ততা চলছিল। থিওকে উদ্ধারের পর পরিবার দ্রুত ৯১১-এ ফোন করে, তাকে বাঁচানোর চেষ্টা করে এবং তদন্তকারীদের প্রশ্নের উত্তর দেয় বলেও আদালতকে জানান তিনি।অন্যদিকে মারিকোপা কাউন্টির কৌঁসুলি ব্রুক গন্ট বলেন, শিশুটিকে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে গাড়িতে রাখা হয়েছিল এবং এই পুরো সময় বাবা-মা তার অবস্থান সম্পর্কে যথেষ্ট খোঁজ নেননি।শুনানির একপর্যায়ে কান্নায় ভেঙে পড়ে আনকা আদালতের কাছে তার অন্য সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি চান। তিনি বলেন, ‘আমি আমার বাচ্চাদের দেখতে চাই। দয়া করে আমার বাচ্চাদের দেখতে দিন।’শুনানি শেষে বিচারক মিহাইল ও আনকাকে দেড় লাখ ডলারের বন্ডে জামিনের নির্দেশ দেন। পাশাপাশি তাদের একে অপরের সঙ্গে যোগাযোগের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে তারা তত্ত্বাবধানে তাদের অন্য চার সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন।প্রায় ২০ বছর ধরে বিবাহিত এই দম্পতি ২০১১ সাল থেকে অ্যারিজোনায় বসবাস করছেন। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
/বিএসএস