• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ এএম


ইরানের পাশে থাকার বার্তা চীনের, ‘ন্যায্য স্বার্থ রক্ষায়’ সহায়তার প্রতিশ্রুতি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মধ্যে থাকা ইরানের প্রতি সমর্থনের বার্তা দিয়েছে চীন। বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর চীন জানিয়েছে, ইরানের ‘ন্যায্য স্বার্থ সুরক্ষায়’ প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত।বেইজিংয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠকে বসেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের এই বৈঠক অনুষ্ঠিত হলো।বৈঠকে ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা সমুন্নত রাখার ক্ষেত্রে চীন ইরানের পাশে থাকবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য বেইজিং তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। সংঘাতের পরিবর্তে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপরও গুরুত্ব দেন তিনি।অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের কূটনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।দুই দেশের বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পায়। চীনের পক্ষ থেকে ইরানের ন্যায্য স্বার্থ রক্ষায় সহায়তার এই বার্তা চলমান সংঘাতের মধ্যে বেইজিং-তেহরান সম্পর্কের অবস্থানও স্পষ্ট করেছে।

/বিএসএস