• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম


সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে ফের হামলার দাবি হুতিদের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩৯ পিএম

সৌদি আরবের একটি তেল স্থাপনা ও সামরিক বিমানঘাঁটিতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়ানবু শহরের সৌদি আরামকোর একটি স্থাপনা এবং খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।হুতি মুখপাত্রের দাবি, ইয়ানবুর আরামকো স্থাপনায় একটি এবং খামিস মুশাইতের বিমানঘাঁটিতে আরেকটি ‘সামরিক অভিযান’ চালানো হয়। এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তাদের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনে সৌদি বাহিনীর সামরিক অভিযানের জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।তবে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত হুতিদের এই হামলার দাবি নিশ্চিত করেনি। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও সৌদি আরব বা সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।এর আগে চলতি সপ্তাহেও সৌদি আরবের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছিল হুতিরা। সোমবার গোষ্ঠীটি খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে হামলার দাবি করে। তাদের দাবি ছিল, ওই হামলায় বিমান রাখার হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করা হয়। সৌদি কর্তৃপক্ষ সে দাবিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।সৌদি আরব ও হুতিদের মধ্যে সাম্প্রতিক সময়ে আবারও সংঘাত তীব্র হয়েছে। রয়টার্স জানিয়েছে, সৌদি বাহিনী ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালানোর পর হুতিরা পাল্টা সৌদি ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর ফলে সৌদির তেল অবকাঠামো ও লোহিত সাগরকেন্দ্রিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।এরই মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনও একটি আকাশ হামলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রিয়াদ ও বাগদাদ জানিয়েছে, ওই হামলাটি ইরাকের ভূখণ্ড থেকে হয়েছিল; হুতিদের সর্বশেষ হামলার দাবির সঙ্গে ওই ঘটনার সরাসরি সম্পর্ক নিশ্চিত করা হয়নি।

/বিএসএস