ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ বন্ধ করার বিষয়ে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদের হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে বেসেন্ট জানান, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে চীনের সঙ্গে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসন্ন বৈঠকে সেই আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে।বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তিনটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের অর্থনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞার প্রভাব বজায় রাখতে চীনের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।চীনা উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বেসেন্টের বৈঠকটি আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওয়াশিংটন সফরের আগে হওয়ার কথা। ওই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিন পিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।আসন্ন মার্কিন-চীন বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংক্রান্ত বিষয়ও থাকতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে বিস্তারিত আলোচনা হবে, সে বিষয়ে বেসেন্ট নির্দিষ্ট করে কিছু জানাননি।এর আগে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বেসেন্ট। তিনি তেহরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের বিষয়ে ‘অর্থনৈতিক ডি-ডে’ আয়োজনের কথা বলেছিলেন এবং ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার হুঁশিয়ারি দিয়েছিলেন।ইরানের অর্থনীতিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার এবং দেশটির উৎপাদিত তেলের বড় একটি অংশ কিনে থাকে। পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও তেহরানের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বেইজিংয়ের ভূমিকা রয়েছে।ফলে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রাখতে চীনের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় বাড়ানো ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলতি সপ্তাহের প্রস্তাবিত বৈঠকে এ বিষয়টি কতটা এগোয়, সেদিকেই নজর থাকবে।
/বিএসএস