মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীসৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার দেশটির নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ও গোটা মুসলিম বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বিশ্বজুড়ে সমাদৃত হওয়ায় বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক জোটে বাংলাদেশকে পাশে পেতে অন্যান্য দেশের নেতারা আগ্রহ দেখাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।হুমায়ুন কবির আরও বলেন, মধ্যপ্রাচ্য ও মুসলিম দেশগুলোর মধ্যে এ ধরনের কোনো নিরাপত্তা জোট গঠিত হলে সেখানে বাংলাদেশের যুক্ত হওয়া মোটেও অস্বাভাবিক নয়। বিষয়টি বাংলাদেশ সরকার অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিবেচনা করছে।উল্লেখ্য, গত ৭ আগস্ট মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করেন।আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও যৌথ নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই চুক্তিতে আবদ্ধ হয়।বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিটিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানানোয় ভবিষ্যতে এ জোটের পরিধি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
/বিএসএস