• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৯ এএম


ট্রাম্পকে হুঁশিয়ারি হুতিদের, বাব আল-মানদাব প্রণালি বন্ধের হুমকি!

আপডেট টাইম: ১৯ এপ্রিল ২০২৬ ৯:৩৬ পিএম

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ‘শান্তি প্রক্রিয়ায় বাধা’ দেওয়া অব্যাহত রাখেন, তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদাব প্রণালি বন্ধ করে দিতে পারে।

সানাভিত্তিক বিদ্রোহী প্রশাসনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, “সানা যদি বাব আল-মানদাব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তবে তা পুনরায় চালু করা কারও পক্ষেই সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, ট্রাম্প এবং তার মিত্রদের উচিত অবিলম্বে এমন সব পদক্ষেপ থেকে বিরত থাকা, যা শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করে। একই সঙ্গে ইয়েমেনের জনগণের অধিকার ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।

বাব আল-মানদাব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে এবং এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত। বিশেষ করে পারস্য উপসাগর, ইউরোপ ও এশিয়ার মধ্যে তেল ও জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এই পথটির গুরুত্ব অত্যন্ত বেশি।

এর আগে বিভিন্ন সময় এই অঞ্চলে জাহাজে হামলার মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে হুতি বিদ্রোহীরা। নতুন এই হুঁশিয়ারির ফলে লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।