চলতি সপ্তাহে আরও দুই নারী সেনা সদস্যের আত্মহত্যার ঘটনার পর চলতি বছরে আত্মহত্যা করা ইসরায়েলি সেনা সদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশটির সামরিক বাহিনীতে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিশর-ইসরায়েল সীমান্তে মোতায়েন থাকা বারদেলাস ব্যাটালিয়নের এক নারী সেনা সদস্য মঙ্গলবার সকালে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে মধ্য ইসরায়েলের রামাত হাশারোনের কাছে অবস্থিত গিলিলোট সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালনরত আরেক নারী সেনা সদস্য আত্মহত্যা করেন। প্রতিবেদনে বলা হয়, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপনীয় একটি পদে দায়িত্ব পালন করছিলেন।
উভয় ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ইসরায়েলি সেনাবাহিনী মিলিটারি পুলিশের মাধ্যমে তদন্ত শুরু করেছে।
হারেৎজ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কর্মরত ১৬ জন সেনা সদস্য আত্মহত্যা করেছেন। এছাড়া গাজা যুদ্ধে অংশ নেওয়া নিয়মিত ও রিজার্ভ বাহিনীর আরও অন্তত ৯ জন সদস্য দায়িত্বের বাইরে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন।
প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে ইসরায়েলি সেনাবাহিনীতে ২২ জন সদস্য আত্মহত্যা করেছিলেন। গত ১৫ বছরের মধ্যে এক বছরে এটিই ছিল দেশটির সামরিক বাহিনীতে সর্বোচ্চ সংখ্যক আত্মহত্যার ঘটনা।
/এসএন