• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পিএম


ইয়েমেনে অবরোধ বজায় রাখলে সৌদির জন্যই বিপর্যয়: হুথি সরকারের হুঁশিয়ারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ জুলাই ২০২৬ ৮:৩৩ পিএম

ইয়েমেনের ওপর অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্ত শেষ পর্যন্ত সৌদি আরবের জন্যই নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে বলে দাবি করেছেন দেশটির হুথি-নিয়ন্ত্রিত সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুলওয়াহিদ আবু রাস।

বার্তা সংস্থা সাবাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও সৌদি আরব ইয়েমেনে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। স্থানীয় মিত্র ও সশস্ত্র গোষ্ঠীর ওপর নির্ভর করেও তারা সফল হবে না বলেও তিনি দাবি করেন।

আবু রাসের দাবি, যুক্তরাষ্ট্র তার সামরিক ও রাজনৈতিক সক্ষমতা ব্যবহার করেও ইয়েমেনের জনগণকে পরাজিত করতে পারেনি। তবে সৌদি নেতৃত্ব সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, ইয়েমেনের ওপর অবরোধ, দেশটির সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা এবং সামাজিক কাঠামো দুর্বল করার উদ্যোগ শেষ পর্যন্ত সৌদি অর্থনীতির ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে।

গত সপ্তাহে হুথিরা সৌদি আরবের রপ্তানির বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর ইয়েমেন উপকূলসংলগ্ন লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনার পর ন্যাটো সৌদি আরবসহ তিন দেশকে সতর্ক করেছে।

সূত্র: সাবা