• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না: অভিজিৎ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৪ জুলাই ২০২৬ ১:৪১ পিএম

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যন্তর মন্তরে আমাদের ধর্না ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত চলবে। তার পদত্যাগ ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না।’

অভিজিৎ দীপকে আরও জানান, সিজেপির একটি প্রতিনিধি দল ভারতের কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবে। তবে বৈঠক হলেও আন্দোলনের মূল দাবিতে কোনো পরিবর্তন আসেনি বলে তিনি স্পষ্ট করেন।সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন ভেঙেছেন উল্লেখ করে তিনি বলেন, এতে তারা স্বস্তি পেয়েছেন। তার ভাষায়, ‘সোনম ওয়াংচুকের অনশন ২৬ দিনেরও বেশি সময় ধরে চলছিল। তার জীবন দেশের জন্য অত্যন্ত মূল্যবান।’ তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনো সমাধান গ্রহণযোগ্য নয়।

এর আগে ভারত সরকারের পক্ষ থেকে তিনটি আশ্বাস পাওয়ার পর ২৬ দিনের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সোনম ওয়াংচুক। গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় সরকারের আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন।বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওয়াংচুক জানান, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং ‘অ্যাপেক্স বডি অব লেহ-লাদাখ’-এর নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভেঙেছেন।ওয়াংচুক বলেন, ‘দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথা বিবেচনা করে আমি অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’

/বিএসএস