• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম


ফিলিস্তিনি মসজিদে আগুন দিল ইসরায়েল, আহত ৪

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ১০:০৪ পিএম

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের ধারাবাহিক হামলায় একটি মসজিদ ও দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।ফিলিস্তিনি ওয়াকফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হেবরনের মাসাফের ইয়াত্তা এলাকার তুওয়ানা শহরে ইসরায়েলি দখলদাররা দাহ্য পদার্থ ব্যবহার করে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। এতে মসজিদটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়।

পরে স্থানীয় বাসিন্দা ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।মন্ত্রণালয়ের দাবি, আগুন নেভানোর সময় দখলদারদের নিরাপত্তায় নিয়োজিত ইসরায়েলি সেনাদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। বিবৃতিতে ঘটনাটিকে “পূর্ণমাত্রার সন্ত্রাসী কর্মকাণ্ড” হিসেবে উল্লেখ করে বলা হয়, মাসাফের ইয়াত্তা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বৃহত্তর নীতির অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

তুওয়ানা পৌরসভার প্রধান মুহাম্মদ রাবাই জানান, হাভাত মা’ওন চৌকি থেকে আসা ইসরায়েলি দখলদাররা গ্রামে হামলা চালিয়ে মসজিদের পাশাপাশি দুটি বসতবাড়িতেও আগুন ধরিয়ে দেয়।অন্যদিকে নাবলুসের বেইতা শহরে দখলদারদের পৃথক হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি আহত হন। একই এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী বুরকা গ্রামের পশ্চিম প্রবেশপথ মাটির ঢিবি দিয়ে বন্ধ করে দেয়।

পাশাপাশি কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।এছাড়া জেনিনের কাবাতিয়া শহর থেকে দুইজন, রামাল্লার আল-মুঘাইয়ির গ্রাম থেকে তিনজন এবং বেথলেহেম থেকে একজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে রামাল্লার রামমুন গ্রামের পূর্বাঞ্চলে ফিলিস্তিনিদের মালিকানাধীন কৃষিজমিতে দখলদাররা ভেড়া ছেড়ে দিয়ে ফসলের ক্ষতি করার অভিযোগও উঠেছে।

ফিলিস্তিনিদের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও দখলদারদের হামলায় অন্তত ১ হাজার ১৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ এবং প্রায় ২৪ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

/বিএসএস