• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম


পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলিরা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ১:২২ পিএম

দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার উত্তর-পূর্বে অবস্থিত দেইর জারির এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতরা হলেন আহমদ আদেল আবু মুখো (২৬) এবং ওদেহ আবদুল রহিম ওদেহ ফারাখনেহ (৫৩)। স্থানীয় সূত্রের দাবি, হামলার সময় ইসরাইলি সেনাবাহিনীও ঘটনাস্থলে উপস্থিত ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (১৯ জুলাই) রাতে একদল ইসরাইলি বসতি স্থাপনকারী দেইর জারির শহরে প্রবেশ করে হামলা চালায়। দেইর জারির গ্রাম পরিষদের প্রধান ঈদ হাম্মাদের ভাষ্য, হামলাকারীরা পুরোনো শহরের একটি বাড়িতে ঢুকে কয়েকটি ভেড়া নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে বসতি স্থাপনকারী ও ইসরাইলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি চালায়।তিনি আরও অভিযোগ করেন, আহতদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দেওয়া হয়।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি, তাদের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে।দখলকৃত পশ্চিম তীরে দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতার অভিযোগ রয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এসব ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়ে আসছে।সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার অভিযোগ উঠছে।

সমালোচকদের দাবি, অনেক ক্ষেত্রে এসব হামলার সময় ইসরাইলি বাহিনীর উপস্থিতি বা নিরাপত্তা সহায়তা থাকে।এর একদিন আগে নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তেল গ্রামে ফিলিস্তিনিদের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। একই সময়ে রামাল্লার পশ্চিমে দেইর কাদ্দিস এলাকায় কয়েক ডজন জলপাইগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে।

গত মাসে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জানায়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীনভাবে বেড়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, আর্থিক, লজিস্টিক ও সামরিক সহায়তার মাধ্যমে এসব কর্মকাণ্ডকে সমর্থন করার অভিযোগ রয়েছে ইসরাইল সরকারের বিরুদ্ধে।কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরলিধর বলেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা ইসরাইলি নীতির প্রত্যক্ষ ফল এবং এসব নীতি তাদের কর্মকাণ্ডকে উৎসাহিত ও সুরক্ষা দেয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বসতি স্থাপনকারীদের হামলায় সাত ফিলিস্তিনি নিহত এবং ৮৩২ জন আহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় ১৩০ শতাংশ বেশি। ২০২৬ সালেও পশ্চিম তীরে এ ধরনের সহিংসতা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।ফিলিস্তিনি কর্তৃপক্ষের উপনিবেশায়ন ও প্রাচীর প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে চলতি বছরই নিহত হয়েছেন অন্তত ১৫ জন।

সূত্র: মিডল ইস্ট আই

/বিএসএস