• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ এএম


বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতেও ইসরায়েলি রক্তঝরা হামলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২১ জুলাই ২০২৬ ১:০৬ পিএম

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং শিশুসহ আরও ১০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) চালানো এ হামলায় তাঁবুগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, আহত শিশুদের ও এক নারীকে প্রথমে কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজরাস জানান, বাস্তুচ্যুত মানুষ তাঁবুর ভেতরে অবস্থান করার সময় হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তার ওপর আহত অবস্থায় চার শিশুকে দেখতে পান। তাদের উদ্ধার করে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

দীর্ঘ এই সংঘাতে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।এদিকে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগও অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ইসরায়েলি হামলায় আরও ১,১৪৪ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৩,৭০৩ জন আহত হয়েছেন।

সূত্র: রয়টার্স ও আনাদোলু।

/বিএসএস