• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম


খামেনি হত্যার প্রতিশোধে ‘হিট লিস্ট’! ট্রাম্প-নেতানিয়াহুসহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ১২:৪৭ পিএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির প্রভাবশালী রক্ষণশীল গণমাধ্যম হামশাহরি একটি বিতর্কিত ‘টার্গেট’ বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের ১৩ জন শীর্ষ নেতার ছবি ও নাম স্থান পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত ১১ জুলাই গভীর রাতে হামশাহরির অনলাইন সংস্করণে তালিকাটি প্রকাশ করা হয়।

এর কিছুক্ষণ আগেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।এক আনুষ্ঠানিক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন,‘প্রতিশোধ আমাদের গোটা জাতির ইচ্ছা এবং এটি অবশ্যই বাস্তবায়ন করা হবে। তালিকায় নাম থাকা এই অপরাধীরা বিছানায় শান্তিতে মৃত্যুবরণ করার ইচ্ছা মনে নিয়ে, অপূরণীয় আতঙ্ক বুকে চেপেই কবরে যাবে।’যদিও মোজতবা খামেনি তার বক্তব্যে ‘তালিকা’ শব্দটি উল্লেখ করেন, তবে তিনি কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি। তবে তার বক্তব্যের পরপরই হামশাহরির অনলাইন সংস্করণে একটি বিশেষ ইনফোগ্রাফিক প্রকাশ করা হয়, যেখানে ১৩ জন বিদেশি নেতার ছবি তুলে ধরা হয়।তবে এই তালিকাটি ইরানের সর্বোচ্চ নীতি-নির্ধারকদের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যদিও তেহরানের ক্ষমতাকেন্দ্রের সঙ্গে হামশাহরির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে পরিচিত।

প্রকাশিত তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ।এ ছাড়া তালিকায় ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের নামও রয়েছে।উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তার মৃত্যুর পর মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব নেওয়ার পরপরই প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সূত্র: এএফপি

/বিএসএস