যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও নৌচলাচল নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে তেহরান। এই পরিস্থিতিতে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা ভারতের একটি তেলবাহী ট্যাংকারকে নির্ধারিত পথ পরিবর্তনের নির্দেশ দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে ফার্স জানায়, ওমানের নির্ধারিত সামুদ্রিক করিডোর ব্যবহার করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল ভারতীয় তেলবাহী ট্যাংকারটি। তবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জাহাজটিকে ওই পথ ব্যবহার করতে না দিয়ে ইরান অনুমোদিত নৌপথ অনুসরণ করার নির্দেশ দেয়।
প্রতিবেদন অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে গত ২৪ জুন ওমান সরকার এবং জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ওমান উপকূলসংলগ্ন একটি অস্থায়ী নৌ-করিডোর চালু করে।
ফার্সের দাবি, ওই করিডোরটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ কারণে আইআরজিসি বেতার যোগাযোগের মাধ্যমে জাহাজগুলোকে ওমানের করিডোর ব্যবহার না করে ইরান নির্ধারিত নৌপথ ব্যবহার করতে নির্দেশ দিয়ে আসছে।
জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) সকালে হরমুজ প্রণালি অতিক্রমকারী সব জাহাজ শেষ পর্যন্ত ইরান অনুমোদিত করিডোরই ব্যবহার করেছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এ পথ দিয়ে প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
সূত্র: ফার্স
/এএসএফ