• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম


হরমুজ প্রণালিতে ফি মেনে নিতে প্রস্তুত ইউরোপ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ জুলাই ২০২৬ ৮:০৮ এএম

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান ও ওমানের সম্ভাব্য সেবা-ভিত্তিক ফি আরোপের পরিকল্পনাকে ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ এখন কার্যত অনিবার্য বাস্তবতা হিসেবে বিবেচনা করছে। তবে তারা স্পষ্টভাবে বলছে, এ ধরনের কোনো ফি চালু হলে তা যেন সব দেশের জাহাজের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় এবং জাতীয়তার ভিত্তিতে কোনো বৈষম্য না করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালিতে কোনো না কোনো ধরনের সেবা-ভিত্তিক ফি চালুর সম্ভাবনাকে ইউরোপীয় দেশগুলো এখন বাস্তবতা হিসেবে দেখছে।

সূত্রগুলো জানায়, ইউরোপীয় দেশগুলোর মূল উদ্বেগ হলো আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপরিবহনে বৈষম্য তৈরি না হওয়া। তাদের মতে, যদি ফি আরোপ করতেই হয়, তাহলে তা সব দেশের জাহাজের জন্য একই নিয়মে কার্যকর করতে হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে নতুন কোনো ফি চালু হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক শিপিং খাতে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ব্লুমবার্গ

/এএসএফ