যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কঠোর বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং দেশটির আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই।’
যুদ্ধবিরতি লঙ্ঘনের বিভিন্ন ঘটনার উল্লেখ করে গালিবাফ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে লিখেছেন, ‘দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ। আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না।’
তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একাধিক পদক্ষেপ দুই পক্ষের মধ্যে হওয়া ১৪ দফা সমঝোতার পরিপন্থী।
গালিবাফের দাবি, হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধিনিষেধ আরোপ, নতুন করে সামরিক হামলার ধারাবাহিক হুমকি, ইরানের দক্ষিণাঞ্চলে হামলা, দেশটির তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান ও হামলা—এসবই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ১৪ দফা সমঝোতার স্পষ্ট লঙ্ঘন।
ইরানি স্পিকার বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন নিজেই সমঝোতার শর্ত ভঙ্গ করেছে এবং এ ধরনের চাপ বা হুমকির মুখে ইরান নতি স্বীকার করবে না।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: এক্স পোস্ট
/এএসএফ