• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম


ইরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি: অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ৬:০১ পিএম

অস্ট্রিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কারিন নাইসল বলেছেন, হাজার বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকার বহনকারী ইরান বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। তার মতে, বর্তমান বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় ইরান একটি গুরুত্বপূর্ণ শক্তিকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

এক সাক্ষাৎকারে কারিন নাইসল বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের মুখেও ইরান যে প্রতিরোধ ও স্থিতিশীলতা প্রদর্শন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সমীকরণে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও নতুন অবস্থান এখন ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কারিন নাইসল আরও বলেন, এর আগেও তিনি মন্তব্য করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে—এমন দাবি করার কোনো ভিত্তি নেই। তার মতে, এই সংঘাতের ফলে মার্কিন সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা গুরুতরভাবে প্রশ্নের মুখে পড়েছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক বিজয় অর্জনের যে চেষ্টা চালিয়েছিল, তা সফল হয়নি। কারণ, হামলার পরও ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং প্রধান প্রধান প্রতিষ্ঠান অক্ষত রয়েছে।

হরমুজ প্রণালী প্রসঙ্গে নাইসল বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধজয়ের দাবি করলেও হরমুজ প্রণালী এখনো কার্যত অবরুদ্ধ রয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং অঞ্চলের বিভিন্ন দেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

তার ভাষায়, এসব বাস্তবতা প্রমাণ করে যে ইরান শুধু সামরিক ও রাজনৈতিক চাপ মোকাবিলায় সক্ষম নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে।

সূত্র: পার্সটুডে

/এএসএফ