২০২৬ ফিফা বিশ্বকাপে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। লাল কার্ড দেখেও পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগান। তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে পারবেন তিনি।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র। ওই ম্যাচে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের ডান গোড়ালিতে বিপজ্জনক ট্যাকলের দায়ে সরাসরি লাল কার্ড দেখেন বালোগান। সাধারণ নিয়ম অনুযায়ী, এর ফলে পরবর্তী ম্যাচে তার নিষিদ্ধ থাকার কথা ছিল।
তবে পরবর্তীতে ফিফার শৃঙ্খলা কমিটি তার এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সংস্থাটি জানায়, শৃঙ্খলাবিধির ২৭ নম্বর ধারা অনুযায়ী এক বছরের পরীক্ষামূলক মেয়াদের জন্য এই নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখা হয়েছে।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে বালোগান যদি একই ধরনের গুরুতর অপরাধে জড়ান, তাহলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। সেক্ষেত্রে আগের শাস্তি কার্যকর হওয়ার পাশাপাশি নতুন অপরাধের জন্য নির্ধারিত শাস্তিও বহাল থাকবে।
এদিকে মার্কিন গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ফিফার সঙ্গে যোগাযোগ করে বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন। পরে ফিফা সিদ্ধান্ত পরিবর্তন করায় সংস্থাটিকে ধন্যবাদও জানান তিনি।
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। চার ম্যাচে তিন গোল করে যুক্তরাষ্ট্রের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বালোগান।
আগামী মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচটি জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে তারা।
/এএসএফ