ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (৩ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরানে গিয়ে খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে। এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
এর আগে সৌদি আরব প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে বিভিন্ন মহলে আলোচনা ছিল। তবে পরে দেশটি পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তেহরানে পাঠায়।
ইরান আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে শুধু বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। আগামী শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার কফিন উন্মুক্ত স্থানে নেওয়া হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা জবাব হিসেবে সৌদি আরব এবং উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। ওই ঘটনার পর সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটে।
তবে সেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দিনই খামেনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন। তবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত তার মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেনি। পর্যবেক্ষকদের ধারণা, এর মাধ্যমে তারা মূলত মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে স্বীকৃতি বা অস্বীকৃতির বিষয়ে অবস্থান স্পষ্ট করা থেকে বিরত রয়েছে।
/এসএন