ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এসেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল আহমেদ ভাহিদি। শুক্রবার (৩ জুলাই) শেষ রাতে তিনি খামেনির কফিনের কাছে যান। এ সময় তাকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়।এর আগে বৃহস্পতিবার খামেনির দাফন প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা যায় জেনারেল ভাহিদিকে।যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের শুরুতে বিপ্লবী গার্ডের তৎকালীন প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর জেনারেল আহমেদ ভাহিদির হাতে বাহিনীর নেতৃত্ব আসে। দায়িত্ব গ্রহণের পর তিনি গোপন স্থান থেকে যুদ্ধ পরিচালনা করেন।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই দিনই রাজধানী তেহরানে সুপ্রিম লিডারের বাসভবনে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।শুধু যুদ্ধ পরিচালনাই নয়, যুদ্ধ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কীভাবে এবং কোন ভিত্তিতে আলোচনা হবে, সেই প্রক্রিয়া নির্ধারণেও জেনারেল ভাহিদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা যায়।আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন তার ছেলে মোজতবা খামেনি। বলা হয়ে থাকে, বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে এমন ছোট একটি প্রভাবশালী দলের সদস্যদের একজন জেনারেল আহমেদ ভাহিদি। ফলে ইরানের বর্তমান রাজনৈতিক অঙ্গনে তার প্রভাব ব্যাপক বলে মনে করা হয়।
সূত্র: গালফ নিউজ
/বিএসএস