ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে। এর ফলে ভারতের সরকারি প্রটোকল অনুযায়ী তিনি উচ্চতর মর্যাদায় বিবেচিত হবেন।
গত ২৪ জুন ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়েছে, এই মর্যাদা কেবল দিনেশ ত্রিবেদীর ব্যক্তিগত বিবেচনায় দেওয়া হয়েছে। এর ফলে ভারতের বিদ্যমান প্রটোকল তালিকায় কোনো ধরনের পরিবর্তন বা সংশোধন আনা হচ্ছে না।
এতে আরও বলা হয়েছে, বিশেষ এই মর্যাদা শুধু আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রেই কার্যকর থাকবে।
স্মারকে পুনরায় উল্লেখ করা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে প্রটোকল তালিকায় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হলেও, এ জন্য সরকারি প্রটোকল তালিকায় কোনো পরিবর্তন করা হয়নি।
/এসএন