বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, তার দায়িত্বকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর, শক্তিশালী ও ফলপ্রসূ হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা সম্ভব হবে।
শুক্রবার (১২ জুন) সকালে ঢাকায় যোগ দিতে যাওয়ার পথে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, সম্প্রতি দিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে পুশইন ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা করেন, এই সমন্বয়ের ফলে সীমান্ত পরিস্থিতি আরও স্বাভাবিক হবে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমে আসবে।
তার ভাষায়, “এখন থেকে আর সীমান্তে উত্তেজনা থাকবে না।”
তিনি আরও বলেন, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পর্যায়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর ও শান্তিপূর্ণ হবে।
দুই দেশের জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে ভারতের নতুন হাইকমিশনার বলেন, “ভারতের ১৪০ কোটি জনগণের সঙ্গে বাংলাদেশের ২০ কোটি জনগণ একসঙ্গে আগামী প্রজন্মের জন্য এগিয়ে যাবে।”
তিনি মনে করেন, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ভবিষ্যতে দুই দেশ মিলে বিশ্ব আইটি খাতে নেতৃত্ব দেবে।”
বাংলাদেশের জনগণের সহযোগিতা কামনা করে দীনেশ ত্রিবেদী বলেন, “বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমরা একসঙ্গে সফল হতে পারি।”
উল্লেখ্য, ভারতের সাবেক রেলমন্ত্রী ও ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য দীনেশ ত্রিবেদী চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। তিনি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিক পরিচয়পত্র গ্রহণ করেন।
/এএসএফ