জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ হলেন ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন। ছবি: সংগৃহীত
জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতা ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছেন।
এর আগে দেশীয় অঙ্গনে নিজের দক্ষতার পরিচয় দিলেও, এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি অর্জন করেছেন বড় এই সাফল্য।
থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শিরোপা জিতেছেন তমা রশিদ।
নিজের এই অর্জন নিয়ে তিনি বলেন, এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং বাংলাদেশের নারীদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও ইতিবাচক গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সুযোগ।
তিনি আরও জানান, বাংলাদেশের ঐতিহ্য—বিশেষ করে জামদানি শাড়ির মতো সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তমা। পরবর্তীতে মিডিয়ায় কাজের মাধ্যমে তিনি নিজের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করেন।
বিশ্লেষকদের মতে, তমা রশিদের এই সাফল্য দেশের নারীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।