• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ এএম


শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ নভেম্বর ২০২৬ ১০:৫১ পিএম

দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবনে দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর বিপরীতে নায়িকা হিসেবে কিনজার নাম চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে সিনেমার পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নামও সামনে আসে। সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম।

তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁদের কাউকে নয়, শেষ পর্যন্ত কিনজা হাশমীকেই শাকিবের বিপরীতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে অভিনেত্রীর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

কেন আড়ালে রাখা হচ্ছে নায়িকার পরিচয়?

নায়িকা চূড়ান্ত হলেও এখনই তাঁর পরিচয় প্রকাশ করতে চায় না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জমকালো আয়োজনের মাধ্যমে নতুন নায়িকাকে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনা রয়েছে তাদের।

এ কারণেই ‘মহব্বত’ সিনেমার প্রথম পোস্টারে শাকিবের সঙ্গে এক নারীর হাত দেখানো হলেও তাঁর মুখ আড়ালে রাখা হয়েছে। পোস্টারে ওই নারীকে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা অবস্থায় দেখা যায়।

কে এই কিনজা হাশমী?

পাকিস্তানের টেলিভিশন নাটকে পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে দর্শকদের পরিচিতি পান। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে বিশেষভাবে আলোচনায় আসেন তিনি।

এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাঁকে।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের বাইরে মডেলিংয়েও রয়েছে তাঁর পরিচিতি। ‘মহব্বত’-এর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে যুক্ত হলে এটি হবে তাঁর ক্যারিয়ারের নতুন অভিজ্ঞতা।

বিদেশি অভিনেত্রীদের সঙ্গে শাকিবের জুটি

শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনেত্রীর অভিনয় এবারই প্রথম নয়। এর আগে কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। এ ছাড়া বলিউড অভিনেত্রী সৌনাল চৌহানসহ বিভিন্ন দেশের অভিনয়শিল্পীর সঙ্গেও কাজ করেছেন শাকিব।

শাকিব খান ও নির্মাতা হিমেল আশরাফের আগের দুটি সিনেমাতেও বিদেশি অভিনেত্রী নায়িকা হিসেবে অভিনয় করেছেন। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। ছবিটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।

একই জুটির ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের কিনজা হাশমীকে যুক্ত করার মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে যাচ্ছেন নির্মাতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।

/এএসএফ