• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০১:৩২ এএম


২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় রাজসাক্ষী জ্যাকুলিন!

আপডেট টাইম: ১৯ এপ্রিল ২০২৬ ১০:৪৩ পিএম

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবং কথিত কনম্যান সুকেশ চন্দ্রশেখর-এর সম্পর্কটি শুরু থেকেই ছিল রূপকথার মতো দামি উপহারে মোড়া। কিন্তু সেই রূপকথা এখন বিষাক্ত এক আইনি লড়াইয়ে রূপ নিয়েছে। ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর এবার সম্ভবত প্রেমিকের বিরুদ্ধেই আদালতে সাক্ষ্য দিতে চলেছেন জ্যাকুলিন।

মামলার মোড় ঘোরাতে পারে জ্যাকুলিনের সাক্ষ্য

সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্দেজ মামলা এখন যে পর্যায়ে আছে, তাতে জ্যাকুলিনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লির মান্ডোলি জেলে বন্দি সুকেশের সাথে তার সম্পর্ক এবং আর্থিক লেনদেন নিয়ে জ্যাকুলিন যদি রাজসাক্ষী হিসেবে দাঁড়ান, তবে সুকেশের জেলজীবন আরও দীর্ঘ হতে পারে। প্রেমের টানে বিতর্কে জড়িয়ে বলিউডে নিজের অবস্থান হারানো জ্যাকুলিন এখন নিজের ক্যারিয়ার ও সম্মান বাঁচাতে মরিয়া।

জেল থেকে আসছে হেলিকপ্টার ও ভালোবাসার চিঠি!

সুকেশ চন্দ্রশেখর যেন আধুনিক যুগের এক ‘অবাধ্য’ প্রেমিক। জেলে থেকেও জ্যাকুলিনের মন পাওয়ার চেষ্টা থামাননি তিনি। ভালোবাসা দিবসে জ্যাকুলিনকে ‘বেবি বোম্মা’ সম্বোধন করে খোলা চিঠি লিখেছেন সুকেশ। শুধু তাই নয়, এবার উপহার হিসেবে একটি ‘এয়ারবাস এইচ সিরিজ’ লাক্সারি হেলিকপ্টার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সুকেশের দাবি—তাদের ভালোবাসা রোমিও-জুলিয়েট বা লাইলি-মজনুর চেয়ে কম কিছু নয়।

প্রেম যে কাঁঠালের আঠা

গ্রেফতার হওয়ার পর থেকেই সুকেশ দাবি করে আসছেন যে, জ্যাকুলিন নির্দোষ। তিনি যা উপহার দিয়েছেন সব স্বেচ্ছায় দিয়েছেন। কিন্তু এই উপহারের তালিকায় থাকা কোটি টাকার গাড়ি, গয়না আর দামি ব্যাগই এখন জ্যাকুলিনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একের পর এক জেরায় অভিনেত্রী স্বীকার করেছেন সুকেশের কাছ থেকে উপহার নেওয়ার কথা, যা তাকে আইনিভাবে বেশ দুর্বল করে দিয়েছে।

কি হতে যাচ্ছে সামনে?

সুকেশ যখন মরুভূমিতে হারিয়ে যাওয়া মানুষের মতো জ্যাকুলিনকে মিস করছেন, জ্যাকুলিন তখন আদালত আর পুলিশের চক্কর কাটতে কাটতে ক্লান্ত। এই মামলা থেকে নিষ্কৃতি পেতে তিনি সুকেশের সব ‘সারপ্রাইজ’ প্রত্যাখ্যান করে আইনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার বিষয়, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সুকেশের সেই ‘আঠা’র মতো লেগে থাকা প্রেম নিয়ে কী জবানবন্দি দেন এই বলিউড সুন্দরী।