ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউইয়র্কে জুলাই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আশরাফুল আলম খোকনের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে।জানা গেছে, থাইল্যান্ডে ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান।
সেখানে অবস্থানকালে নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি রেস্তোরাঁয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের সঙ্গে ফুটবল ম্যাচ উপভোগ করেন তিনি।ওই সময়ের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন আশরাফুল আলম খোকন। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, গত জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় খোকনের বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।এদিকে, ছবি প্রকাশ ও এ নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এর আগেও শাকিব খানের রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রচারণামূলক একটি ভিডিও তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছিল।
ভিডিওটি দীর্ঘ সময় পেজে থাকলেও ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেটি সরিয়ে নেওয়া হয়।রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে শাকিব খানের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন থাকলেও সাম্প্রতিক বিতর্কের বিষয়ে তাঁর মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
/বিএসএস