রাজধানীতে অনুষ্ঠিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) গ্র্যাজুয়েশন নাইট ২০২৬–এ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন গ্র্যাজুয়েটরা। বুধবার (১০ জুন) রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা তাকে শূন্যে ছুড়ে উল্লাস প্রকাশ করছেন। এ সময় শিক্ষামন্ত্রীকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।ভিডিওটির মন্তব্য ঘরে অনেকেই শিক্ষামন্ত্রীর প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। আতিক ইসলাম নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা আপনার জন্য।’সোহাগ নামে আরেকজন মন্তব্য করেন, ‘জীবনের আনন্দের মুহূর্তের একটি, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতাকে প্রশ্রয় দিচ্ছে না।
তিনি দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।তিনি আরও বলেন, সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
/বিএসএস