• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম


এইচএসসি পরীক্ষার্থীদের অপেক্ষা বাড়ল, ফল প্রকাশের তারিখ পরিবর্তন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ অক্টোবর ২০২৬ ৪:৩৩ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছিল। তারিখ পরিবর্তনের ফলে ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের আরও দুই দিন অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

চলতি বছরের ২ জুলাই দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী, ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।

পরীক্ষা আয়োজনের জন্য সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

ফল প্রকাশের নতুন সূচি অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় শিক্ষার্থীরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পারবেন।

/এসএন