• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম


অ’শালীন বক্তব্যের অভি’যোগে আদমজী কলেজ থেকে বহি’ষ্কার হতে পারেন সেই সিফাত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২:০৭ পিএম

ফেসবুকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে ‘অশালীন’ ও ‘কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাকে কেন কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, নোটিশে সে বিষয়ে যথাযথ কারণ জানতে চাওয়া হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসানের স্বাক্ষর করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে মো. আব্দুল্লাহ সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে যথাযথ কারণ কলেজ কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, মো. আব্দুল্লাহ সিফাত (আইডি নং- ৪১০২১০৪৬) আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার শিক্ষাবর্ষ ২০২১-২০২২।

নোটিশে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার বিষয় উল্লেখ করে ফেসবুকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সরকারকে সম্বোধন করে অশালীন ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে সিফাতের বিরুদ্ধে। ওই বক্তব্য ফেসবুক পেজে ভাইরাল হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের নোটিশে আরও বলা হয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ঐতিহ্যবাহী, স্বনামধন্য ও সুশৃঙ্খল শিক্ষাপ্রতিষ্ঠান। ‘শিক্ষা-শৃঙ্খলা-নৈতিকতা’ মূলমন্ত্রের ভিত্তিতে শিক্ষার্থীদের দেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

নোটিশে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড অশোভনীয়, অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং অপরাধ হিসেবে গণ্য। এ ঘটনার কারণে কলেজের অর্জিত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং কর্মকর্তা-কর্মচারীরা বিব্রত হয়েছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮-এর কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আপত্তিকর মন্তব্য করলে অপরাধের গুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে।

এ অবস্থায় মো. আব্দুল্লাহ সিফাতের বিরুদ্ধে উল্লিখিত কর্মকাণ্ডের জন্য কেন তাকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তার যথাযথ কারণ আগামী তিন কর্মদিবসের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নোটিশটির অনুলিপি অবগতির জন্য সেনাসদর, জিএস শাখা (শিক্ষা পরিদপ্তর), সদর দপ্তর লজিস্টিকস এরিয়া (শিক্ষা শাখা) এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে।

/এসএন