চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, খাতা পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। এছাড়া ৫৬ হাজার ২৫৯ জনের খাতায় নম্বর পরিবর্তন হয়েছে। একই সঙ্গে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা জানান, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারছেন। পাশাপাশি পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হবে।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৯০৬ জন শিক্ষার্থী।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৭৭ জন। আর তৃতীয় অবস্থানে থাকা দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৭৫ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন, যশোরে ১৮২ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ১১২ জন, চট্টগ্রামে ৮৩ জন এবং রাজশাহীতে ৭৭ জন।
অন্যদিকে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯৩ জন শিক্ষার্থী। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করার সংখ্যা ৪৬ জন।
পুনর্নিরীক্ষণের প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন।
ফেল থেকে পাসের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮৬৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। তৃতীয় অবস্থানে থাকা যশোর শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৮০ জন।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৩৭ জন, রাজশাহী বোর্ডে ১১১ জন, কুমিল্লায় ৩৩৬ জন, চট্টগ্রামে ১৯০ জন, বরিশালে ৭৯ জন এবং সিলেটে ১৮৬ জন।
এদিকে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৫৫ জন শিক্ষার্থী। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৬৬৪ জন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।
আবেদনকারীরা তিনটি উপায়ে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন। এসএসসি পরীক্ষা ২০২৬-এর পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হয়েছে।
এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফলাফল জানা যাবে। এজন্য আবেদনকারীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে পুনর্নিরীক্ষণের ফল সংগ্রহ করতে হবে।
এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফলাফল প্রকাশ করা হয়েছিল।
/এসএন