দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতা অব্যাহত থাকলেও চট্টগ্রামসহ পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে সতর্কতার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামসহ পাঁচ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা নির্ধারিত সূচি অনুসারেই অনুষ্ঠিত হবে।
আন্তঃশিক্ষা বোর্ড জানায়, দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কারণে সব জেলার পরীক্ষা স্থগিত করার দাবি উঠলেও তা বাস্তবসম্মত নয়। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। বারবার পরীক্ষা স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমসহ পুরো শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বোর্ডের পরিস্থিতি বিবেচনায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা সম্ভব নয়।
তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
/এসএন