ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষা শেষে চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রশাসনের দাবি, আইসিটি পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়া এবং দায়িত্বরত শিক্ষকদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগে একদল পরীক্ষার্থী এ ঘটনা ঘটায়।
শনিবার (১১ জুলাই) দুপুরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু জানান, আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে যায়। পরে বেলা ১টা ১৫ মিনিটের দিকে প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকে এবং কলেজ ভবন লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।
একপর্যায়ে তারা কলেজের পশ্চিম পাশের দুটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অধ্যক্ষের কক্ষের জানালার কাচ ভাঙচুর করে। এ ঘটনায় কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। মহিউদ্দিন বাচ্চুর ভাষ্য, এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় পরীক্ষার্থীদের উত্তরপত্র নিরাপদে পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হয়েছে এবং শিক্ষকদের সহযোগিতা না পাওয়ার অভিযোগে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জড়ো হয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
/এসএন