• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম


উচ্চশিক্ষায় নতুন সুযোগ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি বৃদ্ধি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ১০:৪৫ পিএম

মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা দ্বিগুণ করেছে। আগে যেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১২টি বৃত্তি বরাদ্দ ছিল, এখন তা বাড়িয়ে ২৪টি করা হয়েছে। ফলে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

শুক্রবার (১১ জুলাই) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, কায়রোতে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের শিক্ষা ও একাডেমিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণ এবং উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকের শুরুতেই ড. নাহলা সাইদি জানান, মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২৪ করেছে।

এই সিদ্ধান্তের ফলে অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।

আলোচনার সময় হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, মেধা এবং ইতিবাচক অবদানের বিষয় তুলে ধরেন।

এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আল-আজহারের ধারাবাহিক সহযোগিতা, আন্তরিকতা ও পৃষ্ঠপোষকতার জন্য রাষ্ট্রদূত সামিনা নাজের পক্ষ থেকে গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়্যেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ জানান। একই সঙ্গে ড. নাহলা সাইদির মাধ্যমে এই শুভেচ্ছা ও কৃতজ্ঞতার বার্তা গ্র্যান্ড ইমামের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধও করেন।

বৈঠকে ড. নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, চলমান কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। পাশাপাশি তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম ও শ্রদ্ধা জানান।

উভয় পক্ষই বাংলাদেশ ও আল-আজহারের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, বৃত্তি, একাডেমিক বিনিময় এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার বিষয়ে একমত হন।

কূটনৈতিক মহলের মতে, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকার, সুযোগ-সুবিধা এবং উচ্চশিক্ষার পরিসর সম্প্রসারণে রাষ্ট্রদূত সামিনা নাজের সক্রিয় ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। বিশেষ করে আল-আজহারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা, বাংলাদেশি শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা যথাযথভাবে তুলে ধরা এবং বৃত্তির সংখ্যা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ অর্জন তার কূটনৈতিক তৎপরতারই প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা দ্বিগুণ করার এই সিদ্ধান্তকে সংশ্লিষ্টরা শুধু একটি প্রশাসনিক সাফল্য নয়, বরং বাংলাদেশ ও আল-আজহারের শিক্ষা-সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

/এসএন