২০২৬ সালের এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ধর্মীয় বিধি-নিষেধের বিষয়টি বিবেচনায় নিয়ে শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়ের পরিবর্তে সন্ধ্যায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পরীক্ষার্থীরা শনিবার অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে সাধারণ সময়সূচির পরিবর্তে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের শনিবার সকাল ১০টার আগেই নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। এরপর তাদের পরীক্ষাকেন্দ্রের নির্ধারিত কক্ষে অবস্থান করতে হবে এবং সন্ধ্যায় নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর প্রবেশপত্রে উল্লেখিত অনুমোদিত সামগ্রী ছাড়া অন্য কোনো বস্তু সঙ্গে রাখা যাবে না। পরীক্ষার্থীরা কোনো অবস্থাতেই নির্ধারিত কক্ষের বাইরে যেতে পারবে না কিংবা বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবে না।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ধর্মীয় বিশ্বাস ও অনুশীলনের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতেই এ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র: ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
/এএসএফ