• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ এএম


নেতানিয়াহু মঞ্চে উঠতেই জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিদের গণ-ওয়াকআউট

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪২ এএম

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাষণ দিতে মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের বহু প্রতিনিধি সভাকক্ষ থেকে বেরিয়ে যান। নেতানিয়াহুর বক্তব্য শুরুর সময়ই এ গণ-ওয়াকআউটের ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ওই অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ শুরুর আগেই বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদল সভাকক্ষ ত্যাগ করে। পরে বক্তব্যের শুরুতেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়া প্রতিনিধিদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে মন্তব্য করেন নেতানিয়াহু। একই ধরনের মনোভাব পোষণ করেও যারা তখনও সভাকক্ষে অবস্থান করছিলেন, তাদেরও বেরিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় সভাকক্ষে থাকা ইসরায়েলি প্রতিনিধিদলের সদস্যদের নেতানিয়াহুর সমর্থনে উল্লাস প্রকাশ ও করতালি দিতে দেখা যায়।

গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা রয়েছে। জাতিসংঘের একটি তদন্ত কমিশন এর আগে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৩ সালে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এ ছাড়া লেবাননেও নিয়মিত হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে দখলদার ইসরায়েল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/এসএন