• ঢাকা
  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম


ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩:২৭ পিএম

আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে কারাবাসসহ যেকোনো আইনি পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি জানান, ডিসেম্বর ২০২৬-এর মধ্যে দেশে ফেরার বিষয়ে তাঁর দৃঢ় অঙ্গীকার রয়েছে। তবে কীভাবে দেশে ফিরবেন, সেই বিস্তারিত পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।

শেখ হাসিনা বলেন, তিনি শান্তিপূর্ণভাবে এবং আইনের কাঠামোর মধ্যেই দেশে ফিরতে চান। তাঁর ভাষায়, এখন মূল প্রশ্ন হলো তিনি কখন ফিরবেন তা নয়, বরং কীভাবে এমনভাবে ফিরবেন যাতে দেশের ও জনগণের স্বার্থ সুরক্ষিত থাকে।

২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন এবং এরপর থেকে ভারতে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফিরে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়া এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হলে কারাবাসসহ যেকোনো আইনি পরিণতির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাঁর ক্ষেত্রে বাংলাদেশের বিচারব্যবস্থা আইন ন্যায্যভাবে প্রয়োগ করবে।

দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ বা ভারতের সরকারের সঙ্গে কোনো সরকারি কিংবা গোপন যোগাযোগ হয়েছে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন শেখ হাসিনা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। তিনি শুধু চলমান আলোচনা ও এ নিয়ে নানা জল্পনার কথা উল্লেখ করেন।

এর আগে জুলাই মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও শেখ হাসিনা ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতেও তিনি প্রস্তুত।

বাংলাদেশে ফেরার পর তাঁর বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার কী পরিণতি হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট আইন ও আদালতের প্রক্রিয়ার ওপর। বাংলাদেশের আইনমন্ত্রীও এর আগে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এএসএফ