বিদেশে কর্মরত প্রবাসীদের পাঠানো অর্থে এপ্রিল মাসেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত মাসজুড়ে দেশে এসেছে প্রায় ৩১২ কোটি ৭০ লাখ (৩.১৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স।
রবিবার (৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।
বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এই রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে যেখানে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৭৫ কোটি ২০ লাখ ডলার, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩১২ কোটি ৭০ লাখ ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চ মাসে—সেই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে (৩২৯ কোটি ৫৬ লাখ ডলার)।
এছাড়া তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের ডিসেম্বর মাসে, যার পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। আর চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের জানুয়ারিতে—সেই মাসে প্রবাসী আয় ছিল ৩১৭ কোটি ডলার।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের নিয়মিত অর্থ প্রেরণ দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। বিশেষ করে বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলা এবং আমদানি ব্যয় সামাল দিতে এই প্রবাহ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।