• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম


মুনাফায় নতুন উচ্চতায় ব্র্যাক ব্যাংক, আয় ২,২৫১ কোটি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১০:২৪ পিএম

বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে রেকর্ড আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকটির কর-পরবর্তী সম্মিলিত নিট মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ২৫১ কোটি টাকা, যা আগের বছরের ১ হাজার ৪৩২ কোটি টাকার তুলনায় ৫৭ শতাংশ বেশি।

রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা শেষে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একক ভিত্তিতেও ব্যাংকটির নিট মুনাফা বেড়ে ১ হাজার ৫৮১ কোটি টাকায় পৌঁছেছে, যা ২০২৪ সালের ১ হাজার ২১৪ কোটি টাকার তুলনায় ৩০ শতাংশ বেশি।

এই শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। তবে এটি শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

ব্যাংকটি জানায়, চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিবেশের মধ্যেও গ্রাহকদের আস্থা, সুশৃঙ্খল করপোরেট গভর্ন্যান্স এবং দক্ষ পোর্টফোলিও ব্যবস্থাপনার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন রাজস্ব বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এছাড়া শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, কঠোর ঋণ অনুমোদন নীতি এবং নিবিড় তদারকির ফলে সম্পদের মান ভালো রাখা সম্ভব হয়েছে। ব্যাংকটির দাবি, খেলাপি ঋণের হার খাতের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিনের সুশাসন, নিয়ন্ত্রক আনুগত্য এবং মূল্যবোধনির্ভর ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিক ফলাফলই এই সাফল্য। সময়ের সঙ্গে সঙ্গে এই দৃষ্টিভঙ্গি ব্যাংকটিকে দেশের আর্থিক খাতে একটি মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে।